ছোটবেলা থেকেই বইয়ের প্রতি অদম্য টান ছিল অবন্তী বাবুর। সেই নেশাই ধীরে ধীরে রূপ নিয়েছে এক অনন্য সংগ্রহে। যেখানে যান, সুযোগ পেলেই কিনে আনেন বই। দামের দিকে খুব একটা তাকান না। বছরের পর বছর ধরে একে একে সংগ্রহ করেছেন অসংখ্য বই। সঠিক হিসাব না থাকলেও বর্তমানে তার সংগ্রহে রয়েছে তিন হাজারেরও বেশি বই। ফলে তার বাড়ির একটি ঘর কার্যত পরিণত হয়েছে ছোট্ট এক ব্যক্তিগত লাইব্রেরিতে।
advertisement
অবন্তী বাবুর সংগ্রহে রয়েছে মেদিনীপুরের ইতিহাসের বিভিন্ন খণ্ড, বাংলা অভিধান, বিশ্বকোষ, বাংলা সাহিত্যের ইতিহাসসহ নানা গুরুত্বপূর্ণ গ্রন্থ। সামান্য আয়ের মধ্যেই নিজের পছন্দমত বই কিনে সংগ্রহ বাড়িয়ে চলেছেন তিনি। বাড়িতেই একটি নার্সারি স্কুল চালান অবন্তী বাবু। স্কুলের কাজের ফাঁকে কিংবা অবসর সময় পেলেই বইয়ের পাতায় ডুবে থাকেন। শুধু পড়া নয়, মাঝেমধ্যেই লেখালেখিতেও সময় দেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবন্তী বাবুর এই ব্যক্তিগত লাইব্রেরি এখন অনেকের কাছেই আকর্ষণের কেন্দ্র। বাড়ির কাছেই একটি হাইস্কুল থাকায় বিদ্যালয় শুরুর আগে বা টিফিনের সময় বহু বইপ্রেমী ছাত্র-ছাত্রী তার বাড়িতে আসে। তারা অবন্তী বাবুর সংগ্রহে থাকা বইগুলো ঘেঁটে দেখে, পড়াশোনা করে। শুধু ছাত্রছাত্রীরাই নয়, মাঝে মাঝে ইতিহাস গবেষক কিংবা শিক্ষক-শিক্ষিকারাও আসেন বই দেখতে ও পড়তে। ডিজিটাল যুগে যখন অনেক তরুণ-তরুণী বই থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তখন অবন্তী কুমার জানার এই উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।





