সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ্যে আসার খবর আসতেই তালিকায় নাম না থাকা ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। আদৌ ভোট দিতে পারবেন তো? ভোটের দিন-ক্ষণ প্রকাশ্যে আসতেই মানুষের মধ্যে বেড়েছিল উদ্বেগ। অনেকের মনেই প্রশ্ন ওঠে, ‘আন্ডার অ্যাডজুডিকেশনে’ নাম থাকা ব্যক্তিরা এরপর কী করবেন?
advertisement
কী ভাবে দেখবেন তালিকা?
আজ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেখা যাবে অনলাইনে। পরে জেলা নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে বুথে বুথে পৌঁছে যাবে লিস্ট। কমিশনের পোর্টালে গিয়ে নির্দিষ্ট রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ এবং ২০২৬ সাল নির্বাচন করে ‘এসআইআর সাপ্লিমেন্টারি রোল’ অপশনে যাবেন। সেখানে নিজের জেলা ও বিধানসভা কেন্দ্রের পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নিন নামের পাশে লেখা ‘বিচারাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন সরেছে কি না।
কমিশন সূত্রে খবর, যাঁদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে এই তালিকায় তাঁদের যেমন নামের তালিকা থাকবে, তেমনি যাঁদের নাম বাদ যাচ্ছে তাঁদেরও আলাদা তালিকা থাকবে। এরপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কমিশন।
যাঁদের নাম বাদ পড়বে তাঁরা কী করবেন?
সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট নির্দেশ রয়েছে, যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে তাঁদের নাম তুলতে পারবেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। এই তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইবুনালে।
কোথায়, কী ভাবে করতে হবে আবেদন?
যাঁদের নাম ভোটার তালিকায় নেই, তাঁরা অভিযোগ জানানোর জন্য অনলাইন ও অফলাইন- দুই পথেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে ‘ECI NET’ মোবাইল অ্যাপ অথবা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আর সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, অথবা মহকুমাশাসকের দফতরে গিয়ে অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে।
আরও পড়ুন: পেট্রোল ডিজেলকে ‘বাংলায়’ কী বলে জানেন…? ৯৯% ঘেমে-নিয়ে অস্থির! আপনি বলুন তো?
কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে রয়েছেন এই ট্রাইবুনালে। কমিশন সূত্রে খবর, তাঁদের অধীনেই ভোটারদের অভিযোগ খতিয়ে দেখা হবে। সমস্ত অভিযোগের নিষ্পত্তি হয়ে গেলেই এই ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া হবে।
প্রসঙ্গত, ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে রাজ্যের ২৩টি জেলার জন্য। কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠনের জন্য দ্রুত বাড়ি খোঁজার কথা বলে কমিশনের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। প্রাক্তন বিচারপতিদের কাজের জন্য কর্মচারী ও আধিকারিক প্রয়োজন। তারও ব্যবস্থা দ্রুত করার নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
