বহরমপুরের কাশিমবাজার মনীন্দ্রনগর এলাকায় দেখা গেল এক পরিচিত ছবি। হাতে তুলি-বালতি নিয়ে দেওয়ালে ‘অধীর চৌধুরীকে ভোট দিন’ স্লোগান লিখতে ব্যস্ত দলীয় কর্মীরা। এই কর্মসূচির নেতৃত্বে দিতে দেখা গেল বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা হিরু হালদারকে। প্রার্থী হিসেবে দলের তরফে কোনও আনুষ্ঠানিক সিলমোহর পড়ার আগেই কেন এই তোড়জোড়? হিরু বাবুর সটান জবাব, “বহরমপুর মানেই অধীর চৌধুরী। এখানে অন্য কোনও নামের প্রশ্নই ওঠে না। তাই সময় নষ্ট না করে আমরা প্রচারের কাজ এগিয়ে রাখছি।”
advertisement
আরও পড়ুন: ভোট প্রচার থামিয়ে সোজা সিউড়ি আদালত! কেন আচমকা ছুটে এলেন অগ্নিমিত্রা পাল? জানুন
যদিও এই আগাম দেওয়াল লিখন নিয়ে কিছুটা সাবধানী শোনাল খোদ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন, “সব দলেই কিছু অতি-উৎসাহী কর্মী থাকে। এখানেও হয়তো তাই হয়েছে। ওরাই উৎসাহের বশে এসব করছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজনীতি বিশ্লেষকদের মতে, গত লোকসভা নির্বাচনে হারের পর বহরমপুরের মাটি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। আর সেই লড়াইয়ে সেনাপতি হিসেবে অধীর চৌধুরীকেই সামনে রেখে এগোনোর কৌশল নিতে চাইছে কংগ্রেস শিবির। প্রার্থী ঘোষণা নিছকই আনুষ্ঠানিকতা কি না, তা নিয়ে এখন সরগরম বহরমপুরের চায়ের দোকান থেকে রাজনৈতিক অলিন্দ।





