উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অধীনে প্রায় সাতশো বাস রয়েছে। নিগম সূত্রে খবর, এদের মধ্যে দেড়শো বাসে গুটখা বা পান মশলার বিজ্ঞাপন রয়েছে। এই সব বিজ্ঞাপন থেকে আগে বছরে মোটামুটি ৪০ লক্ষ টাকা আয় করত তারা। বর্তমানে সেই আয় দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকায়। তার পরেও জনস্বার্থে ‘কঠিন সিদ্ধান্ত’ নিচ্ছেন NBSTC কর্তৃপক্ষ।
advertisement
পার্থপ্রতিম রায় জানান, ‘‘এই সব বিজ্ঞাপন থেকে এক কোটি ২৫ লক্ষ টাকা আয় হয়েছে আমাদের। তবে যে বিজ্ঞাপন মানুষের স্বাস্থ্যবিরোধী, তা আর কোনও বাসে দেখা যাবে না। যে বাসগুলোতে এই সমস্ত বিজ্ঞাপন লাগানো রয়েছে, তা খোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’’
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, কয়েক বছর আগে সংস্থার আয় বাড়ানোর জন্য বাসের গায়ে বিজ্ঞাপন দেওয়ার জন্য টেন্ডার ডেকে দু’টি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল এনবিএসটিসি। তার পর সাবান, শ্যাম্পু, বিস্কুট ইত্যাদি পণ্যের বিজ্ঞাপন দেখা যায় বাসগুলির গায়ে। তবে বিভিন্ন কোম্পানির গুটখার বিজ্ঞাপনই সবচেয়ে বেশি শোভা পায় বাসের গায়ে। সম্প্রতি বিভিন্ন সংগঠন ও সরকারি বিধিনিষেধ মেনে নিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হল, তাদের কোনও বাসে আর পানমশলা, গুটখা, সিগারেটের বিজ্ঞাপন থাকবে না। যে বাসগুলোয় আছে, সেগুলো সরিয়ে ফেলা হবে।
সরকারি পরিবহণ নিগমগুলোকে ভরতুকি দেয় রাজ্য সরকার। পাশাপাশি তাদের নিজের আয় বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়। সেই কারণেই বাসের গায়ে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেওয়া হয়। সেই বিজ্ঞাপনেই পান-মশলা-গুটখা ছিল। যা একেবারেই স্বাস্থ্যের জন্যে উপযুক্ত নয়। তাই এবার বাসে দেখা মিলবে না এই সব বিজ্ঞাপনের।
