নৈহাটি কেন্দ্রে বড় চমক দিল বঙ্গ বিজেপি। নৈহাটির আবেগের সঙ্গে জড়িত সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়কে তাই এবার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ফলে এই কেন্দ্রে এবার রাজনৈতিক লড়াই আরও জমজমাট হতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
নয়াদিল্লি থেকে প্রথম দফায় ১৪৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেই তালিকাতেই নৈহাটি কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় সুমিত্র চট্টোপাধ্যায়ের। জানা গিয়েছে, তিনি জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর রচয়িতা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য।
advertisement
কয়েকদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের স্মৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে ভোটের ময়দানে নামানোর কৌশল নিয়েছে বিজেপি, এমনই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, সম্প্রতি সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিম দা’ বলে উল্লেখ করায় রাজনৈতিক মহলে কটাক্ষের ঝড় উঠেছিল। সেই বিতর্কের পর এবার বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকে প্রার্থী করে বিজেপি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে বলেও মনে করছেন অনেকে।
যদিও নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে, বিজেপির সংগঠন তুলনামূলকভাবে দুর্বল বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তার উপর ভোটার তালিকা সংশোধন নিয়ে এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের একাংশের নাম বাদ যাওয়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন- প্রচারে নেমেই দীপ্সিতা ধরের মুখে তৃণমূল, বিজেপিকে ভোট দেওয়ার কথা! সে কী কাণ্ড!
এখন দেখার, নৈহাটি কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় কতটা সাফল্য পান এবং শাসক দলের বিরুদ্ধে কতটা লড়াই গড়ে তুলতে পারেন।






