মহকুমা শাসকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনও ভোটারের এই সংক্রান্ত কোনও আবেদন থাকে তাহলে দ্রুত তা গ্রহণ করে সেই সংক্রান্ত ডিজিটাল নথি নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করার জন্য। কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও বিধানসভা এলাকায় মনোনয়নপত্র পেশের শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম সংযোজন বা বিয়োজন সম্ভব। তবে ইসি–র আধিকারিকদের একাংশের ব্যখ্যা, সেটা সাধারণ সময়ে নির্বাচনে নাম সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ, যে সময়ে ‘স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) না করে এমনিই ফর্ম–৬ পূরণ করে নাম তোলা হয়, বা ফর্ম–৭ জমা দিয়ে নাম কাটা যায় এবং তার ভিত্তিতে কেন্দ্রের সর্বশেষ ভোটার তালিকা তৈরি হয়।
advertisement
অতিরিক্ত জেলা শাসকের জারি করা এই নির্দেশিকা ইতিমধ্যেই মুর্শিদাবাদের সমস্ত রিটার্নিং অফিসার এবং বিডিওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের সুপারিশ অনুযায়ী রাজ্য জুড়ে ১৯টি অ্যাপিলেট ট্রাইবুনাল গঠনের অংশ হিসেবে মুর্শিদাবাদেও এই ব্যবস্থা চালু হল। ভোটারদের আপত্তি শুনে তাঁদের নাম ভোটার তালিকায় পুনর্বহালের সুযোগ দেওয়া হবে এই ট্রাইব্যুনালে।
২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে মুর্শিদাবাদ জেলার জন্য যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১১ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় ছিল। সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার ২২ বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর নির্বাচন কমিশন কয়েক দফায় একাধিক সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। তবে কোনও রাজনৈতিক দলের কাছে এখনও স্পষ্ট তথ্য নেই মুর্শিদাবাদ জেলায় মোট কত ভোটারের নাম স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে শুনানি পর্বে বাদ পড়েছে।
সূত্রের খবর, এসআইআর পর্বে ভোটার তালিকা প্রকাশের পর যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা ভোটার তালিকায় যুক্ত হয়নি তাঁরা উপযুক্ত নথি এসডিও অফিসে জমা করে অ্যাপিলেট ট্রাইবুনালের কাছে নিজেদের নাম ভোটার তালিকায় যুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। তবে জেলা প্রশাসনের তরফ থেকে জারি করা নির্দেশিকায় অ্যাপিলেট ট্রাইবুনাল এই সমস্ত আবেদনের শুনানি কত দিনের মধ্যে শেষ করে ভোটারদের নাম তালিকায় তুলতে পারবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যের উল্লেখ নেই। যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে তা হল জন্মগত শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, কোর্ট এফিডেফিট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড যদি থাকে। এছাড়াও রেশন কার্ড, প্যান কার্ড পরিবারের ২০০২ ভোটার তালিকা।






