জানা যায়, এদিন জঙ্গল থেকে বেরিয়ে সোজা লোকালয়ে ঢুকে পড়ে তিনটি দলছুট বাইসন। এই ঘটনাকে কেন্দ্র করে বানারহাট ব্লকের উত্তর শালবাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন ভোরে স্থানীয় বাসিন্দারা প্রথম তিনটি বুনো বাইসনকে গ্রামে ঘোরাফেরা করতে দেখেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী গ্রামবাসীদের ভিড় জমে যায় এলাকায়। পরিস্থিতি দ্রুত উদ্বেগজনক হয়ে ওঠে।
advertisement
বাইসনের হামলায় আহত হন এক মহিলা ও এক পুরুষ। পাশাপাশি কয়েকটি গবাদি পশুও জখম হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াড, মরাঘাট রেঞ্জ ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। নাথুয়া রেঞ্জের কিউআর টিমও উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বন দফতরের তরফে একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা সম্ভব হয়। বাকি দু’টি বাইসন এখনও গ্রাম সংলগ্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে খবর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর সূত্রে জানানো হয়েছে, প্রয়োজন পড়লে সেগুলিকেও ট্রাঙ্কুলাইজ করে জঙ্গলে ফেরত পাঠানো হবে। এদিকে গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে মাইকিং করে বাড়ির ভিতরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। অপ্রয়োজনীয় ভিড় না করারও নির্দেশ দিয়েছে বন দফতর। ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি জেলার এডিএফ (অতিরিক্ত বনাধিকারিক) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। হঠাৎ জঙ্গলের বাসিন্দাদের এমন আগমনে আতঙ্কিত উত্তর শালবাড়ির মানুষ। বন দফতরের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।






