নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই হাওড়া জেলা জুড়ে, গ্রাম শহর উভয় স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তার উপর শুরু হয়েছে ‘নাকা চেকিং’। বিশেষ করে কলকাতা থেকে হাওড়াগামী চারচাকা ও দু’চাকা গাড়িগুলিকে থামিয়ে তল্লাশি চালান হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ২৫০টি গাড়ি পরীক্ষা করা হচ্ছে। গাড়ির মালিকের নাম, গন্তব্য এবং প্রয়োজনীয় নথি যাচাই এবং লিপিবদ্ধ করা হচ্ছে। সন্দেহজনক মনে হলেই গাড়ির ভেতর পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালান হচ্ছে। যদিও এখনও পর্যন্ত সেইরকম অবৈধ কিছু উদ্ধারের ঘটনা ঘটেনি। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা জোরদার।
advertisement
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রতিটি বুথের নিরাপত্তার দায়িত্ব এখন কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। ভোটের আগে বুথগুলিতে অগ্রিম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং এলাকা ‘স্যানিটাইজেশন’-এর কাজ চলছে জোরকদমে। লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা দেওয়ার ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ২০,৬২৯টি অস্ত্র জমা পড়েছে, তবে আরও ৩২,১৮৪টি অস্ত্র জমা পড়া বাকি রয়েছে। পাশাপাশি ২৫,৩৮০টি নন-বেলএবল ওয়ারেন্ট (NBW) জারি করা হয়েছে, যার মধ্যে ৮৯৩টি কার্যকর হয়েছে, বাকি রয়েছে ২৪,৪৮৭টি।





