যদিও তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে কুৎসা ছড়ানো হচ্ছে, তবুও সেই বিতর্কে না গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যার কথাই তুলে ধরছেন তিনি। ‘বহিরাগত’ ইস্যু প্রসঙ্গে বিজেপি প্রার্থীর দাবি, এই তত্ত্বের কোনও বাস্তব ভিত্তি নেই এবং এটি রাজনৈতিকভাবে বিভাজন তৈরির একটি প্রচেষ্টা। তাঁর কথায়, যাঁরা এই ইস্যু তুলছেন, তাঁদের দলেও এমন প্রার্থী রয়েছেন যারা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন। ফলে ‘বহিরাগত’ বিতর্ক আসলে ভোটের রাজনীতির অংশ বলেই ইঙ্গিত দেন তিনি।
advertisement
এছাড়াও উত্তরপাড়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দীপাঞ্জন চক্রবর্তী। তাঁর মতে, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস এবং শিল্পাঞ্চলের অবক্ষয় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, জয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং হিন্দমোটর-সহ বন্ধ শিল্পাঞ্চলগুলিকে পুনরুজ্জীবিত করার দিকে অগ্রাধিকার দেওয়া হবে। সব মিলিয়ে, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে নীতি, আদর্শ এবং জনস্বার্থের ইস্যুকেই সামনে রেখে প্রচার চালাচ্ছেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী।






