একদিকে সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী শান্ত গলায় কথা বলছেন মানুষের সঙ্গে। তাঁর প্রচারের মূল সুর, শহরের ভিত মজবুত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এই তিনকে হাতিয়ার করেই তিনি বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন। তাঁর কথায়, উন্নয়ন মানে শুধু বড় প্রকল্প নয়, মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান।
advertisement
অন্যদিকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ কখনও মিছিলের সামনে, কখনও সভার মঞ্চে। তাঁর বক্তব্যে বারবার উঠে আসছে নতুন শিলিগুড়ির স্বপ্ন। আধুনিক পরিকাঠামো, উন্নত পরিষেবা, পরিকল্পিত শহর এই প্রতিশ্রুতির মধ্যেই তিনি গড়ে তুলতে চাইছেন ভবিষ্যতের ছবি।
আর তৃতীয় শিবিরে তৃণমূল প্রার্থী গৌতম দেব যিনি শহরের অত্যন্ত পরিচিত মুখ। তাঁর প্রচারে ভেসে আসছে কাজের হিসাব। যা হয়েছে, তার থেকেও আরও বেশি হবে। এই বার্তায় তিনি ভরসা রাখতে বলছেন মানুষকে।
শহরের চায়ের দোকানে, অটো স্ট্যান্ডে, বাজারের ভিড়ে সবখানেই চলছে আলোচনা। কে কী বলছে, কার প্রতিশ্রুতি কতটা বাস্তব, সবই খতিয়ে দেখছে সাধারণ মানুষ। শিলিগুড়ির এই ভোটযুদ্ধ যেন এক মঞ্চে আকার নিয়েছে,
যেখানে তিনটি আলাদা গল্প চলছে পাশাপাশি। একটি গল্প ভিত্তি মজবুত করার, একটি ভবিষ্যৎ গড়ার, আর একটি চলার পথে এগিয়ে যাওয়ার। তবে শেষমেশ, এই গল্পের শেষটা লিখবে শিলিগুড়ির মানুষই।





