বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের ২৭ নম্বর জাতীয় সড়কের কান্তিভিটা সংলগ্ন বুড়িবালাসন সেতুর কাছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ রোজাব আলি। তাঁর বাড়ি জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের ঝমকলালজোতের গোয়ালজোত এলাকায়।
advertisement
জানা গিয়েছে, পেশায় ধান ব্যবসায়ী রোজাব আলি একটি স্কুল ব্যাগে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে দার্জিলিংয়ের খড়িবাড়ির দিকে আসছিলেন। সেখানে ব্যবসায়ী উত্তম সিংহকে টাকাটা দেওয়ার কথা ছিল তাঁর। লিচু বাগানের কাছে দুটি মোটরসাইকেলে তিনজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। রোজাবের বাইকের চাবি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে জঙ্গলে ছুড়ে ফেলে হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করে এবং টাকার ব্যাগ নিয়ে ঘোষপুকুরের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাঁসিদেওয়া ও ঘোষপুকুর থানার পুলিশ। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগকারীর অভিযোগের সঙ্গে ঘটনা মিলিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দুষ্কৃতীরা পূর্বপরিচিত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
