নাকা তল্লাশি করতে গিয়ে হতবাক হয়ে যান পুলিশকর্মীরা, তরমুজের আড়ালে পাচার করা হচ্ছিল গরু। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির বাংলা- বিহার সীমান্ত এলাকায়। সেখানে খড়িবাড়ি পুলিশের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি জলজ্যান্ত গরু!
advertisement
জানা গিয়েছে, খড়িবাড়ির বাংলা- বিহার সীমান্তের চক্করমারি চেক পোস্টে নাকা তল্লাশি সময় একটি তরমুজ বোঝাই ট্রাক থামায় টহলরত পুলিশ। তারপরে তরমুজ সরিয়ে তল্লাশি করা হয়, দেখা যায় ভিতরে রয়েছে এক দল গরু। প্রাণীগুলিকে আটক করেছে খড়িবাড়ি থানার পুলিশ, সঙ্গে সঙ্গে ট্রাকটিকেও আটক করা হয়।
আটক ট্রাকটি সন্দেজনক হওয়ায় পুলিশ তল্লাশি শুরু করলে তরমুজের আড়ালে ১২টি গরু উদ্ধার হয়। গরুগুলি নিয়ে যাওয়ার কোনও নথি দেখাতে না পারায় অভিযুক্ত ট্রাক চালককে গ্ৰেফতার করে পুলিশ। ধৃতের নাম মেহবুব আলি, সে অসমের বাসিন্দা। ধৃতকে আজ, অর্থাৎ বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। অন্য দিকে, বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাক। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ, এর পিছনে কারা জড়িত রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। গরু পাচার বা অন্যান্য অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সীমান্ত এলাকায় অনেক সময়ই নানা অপরাধ পুলিশের নজরে পড়ে, তেমনই একটি ঘটনা ঘটেছিল বুধবার। গরু পাচারের পিছনে অন্য কোনও চক্র জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
