বীরভূমের লাভপুরের ধনডাঙ্গা গ্রামে মর্মান্তিক পথদুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। একটি ছোট লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল মাত্র ছয় বছরের এক শিশুর। এই ঘটনায় শোকের আবহের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
advertisement
দুর্ঘটনার পরপরই উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্ত গাড়িটিতে ভাঙচুর চালান। পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন তাঁরা। এর জেরে এলাকায় তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয় এবং যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তা দিয়ে ওভারলোডেড বালি ও পাথর বোঝাই গাড়ির অবাধ যাতায়াত চলছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।
গ্রামবাসীদের বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এবং একটি নিরীহ প্রাণ অকালে ঝরে গেল। তাঁদের হুঁশিয়ারি, যতক্ষণ না পুলিশ ঘটনাস্থলে এসে ওভারলোডেড যান চলাচল সম্পূর্ণ বন্ধ করছে এবং কড়া ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে।
