ছোটবেলা থেকেই খেলাধুলোর সঙ্গে যুক্ত দীপান্বেশ দাস বর্তমানে একজন আন্তর্জাতিক স্তরের সাভাতে খেলোয়াড়। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তবে নিজের সাফল্যেই থেমে থাকতে চাননি তিনি। তাঁর লক্ষ্য ছিল এই অচেনা খেলাটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে যুক্ত করা। সেই লক্ষ্য নিয়েই তিনি দীর্ঘদিন ধরে বর্ধমান জেলায় সাভাতের প্রচার চালিয়ে যাচ্ছেন।
advertisement
এই প্রচেষ্টারই বাস্তব রূপ দেখা গেল সম্প্রতি। বর্ধমান শহরে এই প্রথমবার আয়োজন করা হয় ইন্টার ডিস্ট্রিক্ট সাভাতে (ফ্রেঞ্চ কিক বক্সিং) চ্যাম্পিয়নশিপ ২০২৬। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের লড়াই, গতি ও কৌশল দেখে দর্শকদের মধ্যেও তৈরি হয় ব্যাপক উৎসাহ।
আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, বরং রাজ্যস্তরের প্রতিযোগিতার প্রস্তুতি ও খেলোয়াড় বাছাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য ছিল পুরস্কার। এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করা হয়েছে ভবিষ্যতের বড় মঞ্চের জন্য।
আরও পড়ুন: IND vs USA: এত বড় বদল! বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় দলে মহাচমক! কারা থাকছে একাদশে?
সাভাতে অ্যাসোসিয়েশন অফ বর্ধমানের উদ্যোগে এবং একটি ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের প্রশংসা করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তিনি বলেন, এই নতুন খেলাটি বর্ধমানে প্রতিষ্ঠা করার চেষ্টা সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীপান্বেশ দাস জানান, ভবিষ্যতে আরও বড় আকারে এই খেলার প্রসার ঘটানোর পরিকল্পনা রয়েছে। অচেনা এক খেলা আজ পরিচিত শহরের মাটিতে নতুন স্বপ্ন বুনছে।






