জম্মু ও কাশ্মীরকে ফাইনালে তুলতে ডানহাতি পেসার আকিব নবির অবদান ছিল অসাধারণ। পুরো টুর্নামেন্ট জুড়ে তার বিধ্বংসী বোলিং প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার আকিব নবির পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি বিসিসিআই-এর কাছে তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। সৌরভের মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করা খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত, আর আকিব নবির পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি সেই সুযোগের যোগ্য।
advertisement
সৌরভ গাঙ্গুলি এক্স-এ লিখেছেন, “জম্মু ও কাশ্মীর বিশ্বকে দেখিয়ে দিয়েছে চেষ্টা আর ইচ্ছাশক্তি থাকলে কী করা যায়! ওরা ওদের রাজ্য়কে গর্বিত করেছে। কঠিন পরিস্থিতি মানুষকে আরও কঠোর ও শক্ত করে তোলে। আকিব নবি দেশের জার্সিতে খেলার পথে এগিয়ে চলেছে। গ্রীষ্মে ইংল্যান্ড সফর থেকেই তার শুরু হওয়া উচিত।”
নিজের এই পোস্টে সৌরভ বিসিসিআই এবং প্রধান নির্বাচক অজিত আগরকর-কেও ট্যাগ করেছেন। উল্লেখ্য, ভারত জুলাই মাসে ইংল্যান্ড সফরে পাঁচটি টি২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এই সফরটি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-কে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরভ মনে করেন, এই সফরের জন্য আকিব নবিকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা উচিত।
আকিব রনজি ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ইতিমধ্যেই ৫ উইকেট নিয়েছেন। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও তিনি ম্যাচজয়ী বোলিং করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৮ উইকেট এবং সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ৪২ রানও করেছিলেন।
ফাইনালে জম্মু ও কাশ্মীর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুভম পুন্ডির ১২১, ইয়াওয়ার হাসান খানের ৮৮, সাহিল লোত্রার ৭২, কনহাইয়া ওয়াধাওয়ান ও অধিনায়ক পারস ডোগরার ৭০ করে রান এবং আব্দুল সামাদের ৬১ রানের সুবাদে প্রথম ইনিংসে তারা ৫৮৪ রান সংগ্রহ করে।
আরও পড়ুন- সিলিন্ডার ডেলিভারি করে মাসে ১২,০০০ টাকা, ক্রিকেট খেলার জন্য বাবা-হাতে মার খেয়েছেন রিঙ্কু
কর্নাটকের বিরুদ্ধে ময়ঙ্ক আগরওয়ালের ১৬০ রানের ইনিংস সত্ত্বেও আকিব নবির বিধ্বংসী বোলিংয়ের সামনে তারা টিকতে পারেনি। জম্মু ও কাশ্মীর এদিন কর্নাটককে প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট করে ২৯১ রানের বিশাল লিড পেয়েছে। আকিব নবি ২৩ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নেন। যদি ম্যাচ ড্র হয়, তবে প্রথম ইনিংসে পাওয়া লিডের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
