সূত্রের খবর, রেললাইন থেকে মোটরবাইক পার করতে গিয়েই বিপত্তি। ডাউন ক্যানিং লোকালের সামনে পড়ে যায় একটি বাইক। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সেটি। পরে চালকের তৎপরতায় ব্রেক কষে ট্রেন থামানো হয়। রেলের আধিকারিকরা এসে প্রায় ৪৫ মিনিট পরীক্ষা করার পর ডাউন ক্যানিং লোকাল ছাড়ে সোনারপুর বিদ্যাধরপুরের মাঝ থেকে। ঘটনাটি ঘটেছে সোনারপুর মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে। বাইক চালক পলাতক। সোনারপুর জিআরপি এসে বাইকটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, ওঁরা ভেবেছিলেন ট্রেন আসার আগেই পার হয়ে যাবেন। কিন্তু হঠাৎ কাছে চলে আসায় ভয়ে বাইক ফেলে দূরে সরে যান তাঁরা। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাইকটি। ঘটনার আকস্মিকতায় সকলেই চমকে ওঠেন। ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে চলে আসেন রেলকর্মীরাও। এমন ঘটনা যে রেলের নিয়মে বেআইনি তা জানেন ওই দুই যুবক। কিন্তু সময় বাঁচাতে তাঁরা পার হচ্ছিলেন। ঘটনা তদন্ত করছে সোনারপুর জিআরপি।






