অনেকেই মনে করছেন অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণের পর এবার আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্যই রেলের তরফ থেকে নেওয়া হচ্ছে এই ধরনের পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি তথাকথিত “রেলওয়ে বিজ্ঞপ্তি”-তে দাবি করা হয়েছে যে পূর্ব রেলওয়ে বনগাঁ জংশন থেকে নয়াদিল্লি পর্যন্ত একটি নতুন ২২ কোচের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চালুর প্রস্তাব রেল বোর্ডে পাঠিয়েছে।
advertisement
উল্লেখযোগ্য ভাবে, ওই তথাকথিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট স্টেশনে দাঁড়ানোর সময়সূচি, স্টেশন তালিকা, ট্রেনের শ্রেণিবিন্যাস এবং রেক রক্ষণাবেক্ষণের তথ্যও তুলে ধরা হয়েছে। যা দেখে যাত্রীরাও নানা চর্চা করছেন। তবে হুবহু রেলের বিজ্ঞপ্তির মতো হলেও, এই বিজ্ঞপ্তি ঘিরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। পূর্ব রেলওয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই প্রস্তাবটি সম্পূর্ণরূপে ভুয়া এবং ভিত্তিহীন।
পূর্ব রেলওয়ে রেল বোর্ডে এই ধরনের কোনও ট্রেন চালুর প্রস্তাব পাঠায়নি। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য যাত্রীদের মধ্যে অযথা উত্তেজনা এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রস্তাবপত্র দেখে সীমান্ত শহর বনগাঁর সঙ্গে দেশের রাজধানী যুক্ত হওয়ার যে আশা দেখছিলেন যাত্রীরা তা যেন এক প্রকার স্বপ্নই রয়ে গেল।
Rudra Narayan Roy






