নদিয়ার ধানতলা থানায় পুলিশ যখন সকালে নিজেদের কাজে ব্যস্ত, তখন হঠাৎই চোখে পড়ে এক ভদ্রলোক হাতে কাগজের গোছা নিয়ে গুটি গুটি পায়ে থানার ভেতরে প্রবেশ করছেন। মুখে তার গভীর চিন্তার ছাপ! কর্তব্যরত পুলিশ জিজ্ঞেস করতেই ভদ্রলোক বলেন, “আমি লিখিত অভিযোগ করতে এসেছি।” পুলিশকর্মী জিজ্ঞাসা করেন, “কিসের অভিযোগ?” ভদ্রলোকের জবাব, “মুখে বলা যাবে না, সব লিখে এনেছি!” তারপর খুলে দেখান চার পাতার অভিযোগপত্র। আর তাতেই শুরু হাসি চেপে রাখার লড়াই!”
advertisement
অভিযোগে তিনি লেখেন, “আমি ঘুমাতে গেলেই স্বপ্নের মধ্যে রেডিও বাজতে থাকে। হঠাৎ হঠাৎ হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাট আসতে থাকে। ভয়ে আমার ঘুম ভেঙে যায়। ২১৯০ দিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। আর কতদিন এভাবে সহ্য করব? আপনারা একটা ব্যবস্থা করে দিন।” এই অভিযোগ পড়ে থানার ভিতরে মুহূর্তেই প্রশ্ন, হাসব না কাঁদব? রেডিও বন্ধ করব, না হোয়াটসঅ্যাপের ভয়েস চ্যাট? সবশেষে ধানতলা থানার পুলিশ ধৈর্য ধরে ওই ব্যক্তিকে বুঝিয়ে-সুজিয়ে শান্ত করেন এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, অভিযোগকারীর নাম গৌতম পাল। বাড়ি নদিয়ার দত্তপুলিয়া এলাকায়। স্বপ্নে রেডিও, ঘুমে হোয়াটসঅ্যাপ, এমন অভিযোগ আগে কখনও শোনেননি পুলিশও! নদিয়ার ধানতলা থানা এদিন সাক্ষী থাকল, এমন এক আজব, অভিযোগপত্রের।






