কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতির দলের তাণ্ডব অব্যাহত। প্রতিদিন রাতে লতাবাড়ির বিভিন্ন এলাকায় হাতির দল তাণ্ডব চালিয়ে বাড়িঘর,দোকান ও স্কুল ক্ষতিগ্রস্ত করছে।জানা যায়, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে পাঁচটি বুনো হাতির দল রোজ রাতে প্রথমে উত্তর লতাবাড়ি এলাকায় ঢুকছে। এলাকার বাড়িঘর ভাঙচুর করছে। বাড়ির সমস্ত জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে হাতির দলটি। এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা মুণ্ডা তার ছোট শিশু কন্যাকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। কোনওক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন। এই এলাকার এক এসএসকে স্কুলও ভেঙে ফেলেছে হাতির দলটি। এলাকার আরও দুটি ঘরে হামলা চালায় হাতিরা।
advertisement
পরবর্তীতে হাতির দলটি হ্যামিলটনগঞ্জের রবীন্দ্রনগর এলাকায় ঢুকে পড়ে, এলাকার বাসিন্দা হরিশ সরকারের দোকানে হানা দিয়ে দোকান চুরমার করে দেয়। দোকানে রাখা সমস্ত খাদ্য সামগ্রীও খেয়ে ফেলে। হরিশ সরকার জানান, ” এই দোকান ছিল আমার রুজিরুটির উপায়। হাতি এসে দোকান চুরমার করে সমস্ত জিনিস নষ্ট করে দিল। এখন কী করে আমি সংসার চালাবো বুঝতে পারছি না।”
বনদফতরের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা। প্রতিদিন গভীর রাতে হাতির দল গ্রামে আসছে। বারবার বনদফতরকে যোগাযোগ করা সত্ত্বেও কোনও সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, হাতি চলে যাওয়ার পর বনকর্মীরা গ্রামে এসে ফোটো তুলে চলে যান।
Annanya Dey





