সংবাদসংস্থা রয়টার্সের দাবি অনুযায়ী, ভারতে মোট যা এলপিজি-র চাহিদা তার ৯০ শতাংশই আমদানি করতে হয় উপসাগরীয় দেশগুলি থেকে৷ হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেই সরবরাহেই টান পড়েছে৷ এই পরিস্থিতিতে নতুন একটি দেশ এলপিজি জোগানের ক্ষেত্রে ভারতের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে৷
জানা গিয়েছে, গত কয়েক মাসে ভারতে এলপিজি-র জোগান প্রায় দ্বিগুন করেছে আর্জেন্টিনা৷ ২০২৬ সাল থেকেই আর্জেন্টিনা থেকে এলপিজি-র আমদানি বাড়িয়েছে ভারত৷ আরগাস মিডিয়া এবং দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী গত তিন মাসে প্রায় ৫০ হাজার টন এলপিজি আর্জেন্টিনা থেকে ভারতে পাঠানো হয়েছে৷ যা ২০২৫ সালে আর্জেন্টিনা থেকে ভারতে পাঠানো মোট এলপিজি-র দ্বিগুন৷
advertisement
আর একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে, ২০২৪ সালের আগে আর্জেন্টিনা থেকে ভারতে কার্যত এলপিজি-র কোনও সরবরাহই ছিল না৷ কিন্তু বর্তমান সঙ্কটের পরিস্থিতিতে এলপিজি পাওয়ার জন্য সেই দেশটিই ভারতকে নির্ভরতা দিচ্ছে৷ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও ভারতে এলপিজি-র জোগান অব্যাহত রেখেছে লিওনেল মেসির দেশ৷
তবে এলপিজি-র জোগান বাড়ালেও আর্জেন্টিনা এখনও উপসাগরীয় দেশগুলির বিকল্প হিসেবে নির্ভরতা দেওয়ার জায়গায় আসেনি৷ কারণ, প্রথম ভৌগলিক দূরত্বের কারণে আর্জেন্টিনা থেকে ভারতে এলপিজি আসতে তুলনামূলকভাবে সময় অনেকটা বেশি লাগে৷ ফলে জ্বালানি নিয়ে আসার খরচও অনেক বেশি পড়ে৷
