চা বাগানের সবুজ গাছপালার মাঝেই হঠাৎ দেখা মিলছে রঙিন ময়ূরের। কখনও চা গাছের পাতার ফাঁক দিয়ে পেখম মেলে নাচতে দেখা যাচ্ছে তাদের, আবার কখনও বড় বড় ডানা মেলে গাছের ডালে বসে থাকতে দেখা যাচ্ছে। এই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ছেন চা বাগানের শ্রমিকরাও। শ্রমিকদের কথায়, সারাদিনের কঠোর পরিশ্রমের মাঝে এই দৃশ্য তাদের মনে আলাদা আনন্দ এনে দেয়। কাজের ফাঁকে যখনই ময়ূরদের দেখা মেলে, তখন কিছুটা সময় থেমে সেই সৌন্দর্য উপভোগ করেন তারা।
advertisement
কখনও চা গাছের ফাঁকে উড়ে বেড়ায় ময়ূর, আবার বিকেলের দিকে চারপাশ মুখরিত হয়ে ওঠে তাদের ডাকের শব্দে। স্থানীয়দের মতে, গত কয়েক বছর ধরেই ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ময়ূরের আনাগোনা ধীরে ধীরে বেড়েছে। ফলে শুধু চা বাগানের শ্রমিকরাই নয়, দূরদূরান্ত থেকেও অনেক মানুষ এই সুন্দর দৃশ্য দেখতে আসছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক শ্রমিক জানান, “ময়ূরদের রঙিন পেখম আর রঙ্গভঙ্গি দেখতে খুবই ভাল লাগে। ওদের দেখলে কাজের ক্লান্তিও অনেকটা দূর হয়ে যায়।” বসন্তের এই সময়ে প্রকৃতির কোলে ময়ূরের এমন উপস্থিতি যেন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সবুজ চা বাগানের মাঝখানে ময়ূরের রঙিন নাচ এখন যেন প্রকৃতির এক অনন্য উপহার।





