বীরভূমে অবস্থিত ময়ূরেশ্বর থানার প্রাণকেন্দ্র এই কোটাসুর। এখানে ব্লক অফিস, কৃষি দফতর, ভূমি রাজস্ব-সহ বিভিন্ন সরকারি অফিস রয়েছে। কোটাসুরের নামের উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মত । অনেকে বলেন, মহাভারতের একচক্র নগরীর অন্তর্ভূক্ত ছিল কোটাসুর।
ইতিহাস ঘাঁটলে জানা যায়, এই কোটাসুরে নাকি এক সময়ে রাজাদের বসবাস ছিল। ঠিক সেই সময়ে কোটেশ্বর নামে এক রাজা ছিলেন, যাঁর রাজধানী ছিল কোটাসুর। কোটেশ্বর রাজার আরাধ্য দেবতা ছিলেন মদনেশ্বর শিব। এখনও সেই মন্দির রয়েছে কোটাসুরে। আবার এমনও শোনা যায়, এখানে দুর্জয় সেন নামে এক রাজার বসবাস ছিল। সে সময়ে দুর্জয়কোট নাম ছিল কোটাসুরের।
advertisement
তবে শুধু পুরাণ বা লোকমুখেই কোটাসুর নিয়ে নানা কথা শোনা যায় না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাতেও বাউলপুকুর, অমরকুণ্ডার মাঠের উল্লেখ রয়েছে। কোটাসুরকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হোক, এলাকার বাসিন্দাদের বহু দিনের দাবি। উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রয়েছে অন্য সুযোগ সুবিধাও। কিন্তু তাও কোটাসুর অবহেলিত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।





