শেষ শুনানির পর রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। গতকাল মধ্যরাতে প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তৈরি হয়েছে অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালও। এই অবস্থায় আজকের শুনানিতে নজর সব পক্ষের। কারণ, এখনও অ্যাডজুডিকেশন তালিকায় থাকা অর্ধেকেরও বেশি নামের নিষ্পত্তি হওয়া বাকি। সেই নিষ্পত্তি হয়ে গেলেও, যাঁদের নাম সেখানেও বাদ যাচ্ছে, তাঁদের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি ট্রাইব্যুনালের মাধ্যমে হওয়ার আগেই কি নির্বাচন করা সম্ভব? সে ক্ষেত্রে কোনও বৈধ ভোটার যেন নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করা হবে কীভাবে? এসব প্রশ্নেরই জবাব চাওয়া হতে পারে আজ সওয়াল জবাবের মাধ্যমে।
advertisement
অন্যদিকে, আজ আইপ্যাক মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পক্ষের বিরুদ্ধে করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলারও শুনানি রয়েছে আজ। বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি হবে মামলাটির। মূলত, মৌলিক অধিকার খর্বের বিষয়ে অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা করতে পারে কিনা’, সেটা নিয়েই বিস্তারিত সওয়াল হয়েছিল শেষ শুনানির দিন।
প্রসঙ্গত, আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈন এবং তাঁর সল্টলেকের অফিসে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় তাদের মৌলিক অধিকার খর্ব হয়েছে বলে যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। গত সপ্তাহে এই মামলার শুনানিতে কেন্দ্রের ওই সংস্থার মৌলিক অধিকার থাকতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। আজ আবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে শুনানি রয়েছে। বেলা সাড়ে ১১টা নাগাদ এই মামলা শুনবে শীর্ষ আদালত। আবেদনের মেইনটেইনিবিলিটির উপর আজও সওয়াল জবাব চলার কথা।
