উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা বিমানবন্দরে নেমে রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য নির্বাচন প্রক্রিয়া ঘিরে তীব্র সুরে আক্রমণ শানালেন রাজ্য সরকারকে। তিনি স্পষ্ট ভাষায় জানান, “নো এসআইআর, নো ভোট।” তাঁর দাবি, চূড়ান্ত তালিকায় প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়তে চলেছে এবং এই পরিস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।
৩৭ বছর ধরে ইরান শাসন করা সর্বোচ্চ নেতা! জানেন, কে ছিলেন আয়াতোল্লা আলি খামেনেই?
advertisement
শমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধরনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর অবস্থান মানুষের কাছে স্পষ্ট এবং তিনি কার স্বার্থে ধর্নায় বসছেন, তা রাজ্যের মানুষ জানেন। বিজেপি নিজেদের অবস্থান থেকে আন্দোলনে নামবে বলেও তিনি জানান।
রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, ফর্ম সেভেন পুলিশ বেআইনিভাবে বাজেয়াপ্ত করেছে, এমনকি ফর্মে আগুন লাগানো ও দলীয় দফতর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্য, ফর্ম সেভেন গ্রহণ করতে হবে এবং যথাযথ শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মাঝপথে এসআইআর প্রক্রিয়া বন্ধ রেখে নির্বাচনে যাওয়া যায় না বলেও তিনি দাবি করেন। এই প্রেক্ষাপটে বিজেপির অবস্থান স্পষ্ট করে শমিক ভট্টাচার্য পুনরায় বলেন, “নো এসআইআর, নো ভোট।”
