বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে৷
advertisement
প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম। মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিআই(এম)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও সেই নির্বাচনে জয় পাননি, তবে তরুণ আইনজীবী হিসেবে দলের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে। যাদবপুরে লড়বে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ছাত্রজীবনেই বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে বাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে ২০২০ সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হল মীনাক্ষী মুখোপাধ্যায়কে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী। সেই ৬২৬৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন তিনি। তবে রাজনীতির ময়দানে মীনাক্ষী লড়াকু মুখ। এদিকে উত্তরপাড়া বিধানসভায় টানা তিন বছর ধরে জিতে আসছে তৃণমূল। ২০২১-এ এই কেন্দ্র থেকে জয়ী হন কাঞ্চন মল্লিক।
