ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন সকলকে। সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়েছিল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। সেইমতোই তারকারা উপস্থিত হলেন টেকনিশিয়ান স্টুডিওও বাইরে৷
‘জাস্টিস ফর রাহুল’ মিছিলের শুরুতে জুন মালিয়া, ঋত্বিক চক্রবর্তী, ঋষি কৌশিক, পিয়া সেনগুপ্ত, অরিন্দম শীল, অনির্বাণ চক্রবর্তী এঁরা সকলে হাঁটছেন। এবং ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তও রয়েছেন মিছিলের সামনে৷
advertisement
কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র ও ভাস্কর বন্দ্যোপাধ্যায় যাঁরা আর্টিস্ট ফোরামের সঙ্গে আজ থানায় গিয়েছিলেন তারাও এই র্যালিতে এসেছেন। পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, ‘এরকমও আমাদের তিন জনের সঙ্গেও হতে পারত। রাহুল অভিনেতা কিন্তু ও টেকনিশিয়ান্সের মধ্যে পড়ে। একজন অভিনেতা শর্ট দিতে দিতে মারা গেলে সেটা সম্মানের। তবে সেটা নিয়ে ৮ ধরনের বিবৃতি। আমরা সত্যিটা জানতে চাই। লজিক্যাল সত্যটা। এখনও ক্যামেরার ফুটেজ দেওয়া হয়নি। ড্রোনের ফুটেজ পায়নি। লোকাল পুলিশ বলছে আমাদের কাছে কোনও পারমিশন নেই। রাহুল একজন বাবা। তার সন্তান জানতে পারবে না তার বাবা কীভাবে মারা গেলেন?’
চূর্ণী গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘রাহুল শর্ট দিতে দিতে গেছেন এটা গর্বের। কিন্তু ওর ছেলে জানতে পারবে না? স্বাভাবিক ভাবে এই রকম খবর পাওয়ার পর কলাকুশলিরা আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন।’
অভিনেতা ঋত্বিক জানিয়েছেন, ‘আমরা প্রত্যেকেই জানি রাহুলের চলে যাওয়ার কথা।আমরা কেউ চাই না রাহুলকে নিয়ে ভুলভাল তথ্য ঘুরে বেড়াক। রাহুলের মৃত্যু দিয়ে আমাদের শিখতে হবে। এই অকাল মৃত্যু নিয়ে যাবতীয় ধোঁয়াশা কেটে যাক।’
আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? দিন চারেক ধরেই এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। তারপরই ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তোলেন তারকারা৷ ইতিমধ্যেই টালিগঞ্জ মেট্রো ছাড়িয়েছে এই পদযাত্রা৷ রাহুলের মৃত্যু নিয়েও উঠছে একাধিক প্রশ্ন৷
গত ২৯ মার্চ তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।
