রবিবার রাতেই দিঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য তমলুকে পাঠানো হল প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃতদেহ। তা গভীর রাতে পৌঁছয় তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রথমে কথা ছিল সেখানেই রাহুলের দেহের ময়নাতদন্ত হবে৷ তারপরে তাঁর দেহ তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে৷ তবে পরে ঠিক হয় ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজও হাসপাতালে৷ সূত্রের খবর, আজ সোমবার দুপুরেই বাড়িতে নিয়ে আসা হবে অভিনেতার মরদেহ।
advertisement
রাহুলের স্কুলের বন্ধুরা তমলুকে বডি আনার জন্য গিয়েছেন। রাহুলের স্ত্রী প্রিয়াংকা কলকাতায় রয়েছেন। রাহুলের মা ছেলের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই অসুস্থ। রাহুলের দাদা বিদেশে আয়ারল্যান্ডে থাকেন। এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে শুধু বন্ধুরাই গিয়েছেন।
দিঘা হাসপাতালের মর্গ থেকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পুলিশকর্মীরা নীরবতা পালন করেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
দিঘা সংলগ্ন উড়িশ্যার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ শোনা যাচ্ছে, তালসারির সমুদ্রের খানিকটা ভিতরের দিকে একটি চরে শ্যুটিং হচ্ছিল৷ শ্যুটিং শেষে নাকি সমুদ্রের দিকে যান অভিনেতা৷ তখন হঠাৎ চোরাবালিতে পা আটকে, অথবা ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে পড়ে যান রাহুল, টেনে নিয়ে যায় জলের স্রোত৷
তারপরে টেকনিশায়নরাই একটি নৌকা নিয়ে তাঁকে উদ্ধার করেন৷ দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, বাঁচানো যায়নি৷ হাসপাতালে পৌঁছনোর পরে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
