ভোটের আবহেই এখন জোর জল্পনা এবার ভোটে কি গেরুয়া শিবিরের হয়ে প্রার্থী হচ্ছেন দিলীপ ঘরণী রিঙ্কু? প্রার্থী হওয়ার জন্য দলে আবেদন রেখেছেন দিলীপ ঘোষের স্ত্রী? রিঙ্কু মজুমদারকে কি ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী করেছে চলেছে বিজেপি? সেই প্রসঙ্গ উঠতেই সোজা ব্যাটে ব্যাট করলেন দিলীপ ঘোষ। তাঁর সাফ ও স্পষ্ট জবাব, ‘‘আমার স্ত্রী? তিনি দলের একজন পুরনো কার্যকর্তা। আমার থেকে পুরনো। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওনারও একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছে। কর্মীদের যে কেউ আবেদন করতে পারে। এবার পার্টি ঠিক করবে, কাকে কোথায় ক্যান্ডিডেট করবে।’’
advertisement
এদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাসকবিরোধী প্রচার অব্যাহত রেখেছে বিজেপি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা থেকে অনুপ্রবেশকারী একাধিক ইস্যু নিয়ে তথ্যচিত্র আকারের ভিডিও প্রকাশ করছে তারা। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, শাসক বিরোধী প্রচারে তথ্যচিত্র লিফলেট ছাড়িয়ে এবার বই প্রকাশ বিজেপির। ‘আধারের কথকথা’ নাম দিয়ে বই প্রকাশ বঙ্গ বিজেপির। বাংলা ইংরেজি দুই ভাষায় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বই। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘বিভিন্ন মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি ৷ কারণ ১৫ বছর ধরে যে দুর্নীতি শোষণ তোষণ করেছে তৃণমূল সরকার সেটা মানুষের কাছে পৌঁছানো দরকার। তাই সোশ্যাল মিডিয়া হোক কিংবা বই, জেলার প্রত্যেকটি জায়গায় মানুষের কাছে তুলে ধরব এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি।’’
