সাইকেল থেকে বড় গাড়ি যে যানই দোকানের সামনে এসে দাঁড়াক, মুহূর্তেই কাজে নেমে পড়েন তিনি। কখনও একাই, আবার কখনও স্বামীর সঙ্গে মিলে খুলে ফেলেন চাকা, সারিয়ে দেন টায়ারের লিক। আধুনিক টিউবলেস টায়ার থেকে শুরু করে ছোট-বড় গাড়ির টিউব টায়ারের পাংচার সারানো সব কাজেই এখন দক্ষ শম্পা হালদার। বাড়িতে বসে না থেকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এক সাহসী পথ বেছে নিয়েছেন তিনি। মালদহ শহরের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা শম্পা হালদার প্রায় দশ বছর ধরে স্বামী পুলিন হালদারের সঙ্গে পাংচার সারাইয়ের কাজ করছেন। শহরের হ্যান্টা কালি এলাকায় তাদের একটি ছোট দোকান রয়েছে। প্রতিদিন বাড়ির কাজ সামলে সকালেই দোকানে এসে বসেন তিনি। কখনও একাই সামলান দোকান, আবার কখনও স্বামীর সঙ্গে মিলেই কাজ করেন।



