ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর চৌধুরী। দীর্ঘ তিরিশ বছর পরে। ১৯৯৬ সালের পরে ২০২৬। নিজেই জানালেন, এবার বহরমপুর থেকে ভোটে দাঁড়ানোর কথা। আবারও বিধানসভায় প্রত্যাবর্তন করবেন অধীর চৌধুরী? জল্পনা উস্কে দিলেন স্বয়ং কংগ্রেস নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন, দল তাঁকে যেখান থেকে লড়তে বলবে, তিনি সেখান থেকেই প্রার্থী হবেন। নিজেকে ‘দলের সৈনিক’ বলে উল্লেখ করেছেন তিনি। অধীর চৌধুরী বলেন, ‘‘আমি দলের একজন সৈনিক। দল আমাকে যেখান থেকে লড়তে বলবে, আমি সেখান থেকেই লড়ব। আমাদের দলের প্রত্যেককে একজোট হয়ে লড়াই করার পরামর্শ দেওয়া হচ্ছে।’’ রাজনৈতিক মহলে জল্পনা চলছে, পশ্চিমবঙ্গের এই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে হয়তো বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই হেরেছিলেন তিনি। যদিও ১৯৯৬ সালে তিনি রাজ্য বিধানসভায় গিয়েছিলেন। তিনি ১৯৯৬ সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন।



