West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে ঝড়ের পূর্বাভাস। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। তার পরে ধীরে ধীরে কমবে বৃষ্টি। ঝড়বৃষ্টির কারণে গোটা রাজ্যে তাপমাত্রা নামবে অনেকটাই।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। যেটি ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আইপিএলে আজ, সোমবার কলকাতায় ম্যাচ রয়েছে কেকেআরের? সন্ধ্যায় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি হবে না তো ?
advertisement
আইপিএলের শুরুটা ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স ও তার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরেছে তারা। ফলে হারের হ্যাটট্রিকের আশঙ্কা রয়েছে। আজ ঘরের মাঠে তাদের সামনে পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে দু’ম্যাচ খেলে দু’টিই জিতেছে তারা। কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার আরও এক বার নিজের পুরনো দলের বিরুদ্ধে নামবেন। শক্তিশালী পঞ্জাবের বিরুদ্ধে কি জয়ে ফিরতে পারবেন অজিঙ্ক রাহানেরা? ইডেনে আজ, সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু খেলা।
advertisement
advertisement
রাজ্যে আরও একবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির স্পেল চলবে। ঝড়বৃষ্টিতে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে মঙ্গলবার ও বুধবার। কালবৈশাখী, ঝড়বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
উত্তরবঙ্গে আজ, সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা কিছু এলাকায়। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
দক্ষিণবঙ্গে সোমবার সকালে আংশিক মেঘলা আকাশ। বেলায় মেঘলা আকাশের সম্ভাবনা। আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার দুর্যোগ বাড়বে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা।
advertisement
বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা শহর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড়বৃষ্টি হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
কলকাতায় আজ, সোমবার মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমল অনেকটাই। দিনের তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি আর রাতের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমল। আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ এবং বিকেলের দিকে মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। হতে পারে কালবৈশাখী ঝড়ও।









