SIR Update: ৫৭ লক্ষের নিষ্পত্তি সম্পূর্ণ, সোমবারেই শেষ হতে পারে বিবেচনাধীন ভোটারদের প্রথম বিচারপর্ব? এসআইআর নিয়ে জানুন আপডেট
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
SIR Update: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রথম ধাপ শেষের পথে। সোমবারের মধ্যেই ৬০ লক্ষের বেশি বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হতে পারে, একই দিনে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি।
কলকাতাঃ রাজ্যে ভোটার তালিকার বিবেচনাধীন নামগুলির প্রথম বিচারপর্ব আজ,সোমবারের মধ্যেই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত প্রায় ৫৭ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং বাকি অংশের কাজও প্রায় শেষ পর্যায়ে।
রবিবার প্রকাশিত হয়েছে একাদশতম অতিরিক্ত তালিকা। কমিশনের দাবি, যাঁদের নাম এখনও বিবেচনাধীন রয়েছে, তাঁদেরও আজকের মধ্যেই নিষ্পত্তি করা হবে। এরপরও যদি কারও আপত্তি বা অভিযোগ থাকে, তবে তাঁরা ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কমিশন প্রথম দফায় ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচনাধীন ভোটার ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৭০৫ জন বিচারকের মাধ্যমে ধাপে ধাপে সেই তালিকার যাচাই প্রক্রিয়া চলছে। গত ২৩ মার্চ থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘মঙ্গলবারই শেষ সিদ্ধান্তের দিন’! ট্রাম্পের ডেডলাইনে থামবে কি যুদ্ধ? ইরানের পাল্টা জবাবে বাড়ছে আতঙ্ক
গত দুই সপ্তাহ ধরে বুথভিত্তিক যাচাই করে নিষ্পত্তি হওয়া নামের তালিকা প্রকাশ করছে কমিশন। তবে এখনও স্পষ্ট নয়— কত জনের নাম নতুন করে যুক্ত হয়েছে এবং কত জনের নাম বাদ পড়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবারই এই তথ্য প্রকাশ করা হতে পারে।
advertisement
এদিকে সোমবারই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে বিকেলে এই মামলাটি উঠতে পারে। বিবেচনাধীন ভোটারদের বর্তমান পরিস্থিতি নিয়ে কমিশনের বক্তব্য শুনতে পারে আদালত।
প্রাথমিক বিচারপর্বেই উঠে এসেছে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম প্রথমে ভোটার তালিকা থেকে বাদ পড়লেও ট্রাইবুনাল নির্দেশ দিয়েছে তাঁর নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে। এটিই ট্রাইবুনালের প্রথম রায়, যা ইঙ্গিত দিচ্ছে— আরও কিছু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে থাকতে পারে।
advertisement
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশেই ট্রাইবুনাল গঠন করা হয়েছে, যাতে বাদ পড়া নামগুলির যথাযথ পুনর্বিবেচনা করা যায়। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্র-সহ মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে ওই দিন। সোমবারই প্রথম দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বেশিরভাগ প্রার্থী ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন।
advertisement
এখন নজর রয়েছে— সোমবারের মধ্যে কত জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় জুড়বে এবং কত জন বাদ যাবে, সেই পরিসংখ্যানের দিকে। একই সঙ্গে কমিশনের পদক্ষেপ ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 8:42 AM IST









