West Bengal Assembly Elections 2026: অক্সিজেন সাপোর্ট নিয়েও মাঠে, মানুষের পাশে থাকতে হার মানেননি লালন
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Assembly Elections 2026: কে এই লালন? বাংলার ভোটের মধ্যে কেন এই ব্যক্তিকে নিয়ে আলোচনা? জানুন...
আউশগ্রাম, বনোয়ারীলাল চৌধুরী: ভাঙা শরীর, তবে অটুট মনোবল! দাতা লালনের হাইভোল্টেজ প্রচারে কাঁপছে আউশগ্রাম। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের এক পরিচিত মুখ সেখ আব্দুল লালন। যাঁকে এলাকায় অনেকেই “দাতা লালন” নামেই চেনেন। শরীরে একাধিক জটিল সমস্যা, তবুও থেমে নেই তাঁর পথচলা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রোদ-ঝড়-জল উপেক্ষা করে নিরন্তর মানুষের পাশে থাকার বার্তাই যেন দিচ্ছেন এই তৃণমূল নেতা। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর থেকেই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। সেই দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর ভাগ্নে, আর গুরুতর জখম হন লালন নিজে।
একাধিক পাঁজর ভাঙা, মেরুদণ্ডে চোট, মুখে গুরুতর আঘাত, দীর্ঘ চিকিৎসার পর কোনওভাবে সুস্থ হয়ে ওঠেন তিনি। এখনও রয়েছে প্যানক্রিয়াটাইটিসের মতো রোগ, মাঝেমধ্যেই ব্ল্যাকআউট হয়, এমনকি রাতে ঘুমোতে গেলে অক্সিজেন সাপোর্ট নিতে হয়। তবুও তিনি থামেননি।তাঁর কথায়, “মানুষের আশীর্বাদে বেঁচে আছি, তাই মানুষের জন্যই কাজ করি।” ভোর থেকে রাত, প্রায় পুরোটা সময়ই কাটান মানুষের মধ্যে। চিকিৎসার জন্য কখনও দিল্লি, কখনও হায়দ্রাবাদ যেতে হলেও, কাজের ক্ষেত্রে কোনও ফাঁক রাখেন না। রাজনীতিতে তাঁর আসা মূলত অনুপ্রেরণার জায়গা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এর কাজ ও জনমুখী প্রকল্পই তাঁকে আকৃষ্ট করে।
advertisement
advertisement
দীর্ঘদিন কংগ্রেস করার পর তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে এবং গত প্রায় দেড় দশক ধরে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। আউশগ্রাম এলাকার উন্নয়ন নিয়েও তিনি আশাবাদী। তাঁর দাবি, একসময় নকশালপ্রবণ ও অনুন্নত এই অঞ্চলে এখন রাস্তাঘাট, আলো, পানীয় জল থেকে শুরু করে নানা সরকারি প্রকল্প পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের দোরগোড়ায়। জঙ্গলমহলের শান্তি ও পরিবর্তনকেও তিনি বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন। এই বিষয়ে তিনি আরও বলেন, কষ্ট হলেও মানুষের কথা আমি ভাবি। যতদিন পারবো মানুষের জন্য কাজ করে যাব।
advertisement
শুধু রাজনীতি নয়, মানুষের সঙ্গে তাঁর সম্পর্কই যেন সবচেয়ে বড় শক্তি। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া, সমস্যার কথা শোনা, পাশে থাকার চেষ্টা,এই মানবিক দিকটাই তাঁকে আলাদা করে তুলে ধরছে।ভোটের আবহে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখন সেখ আব্দুল লালনের মতো এক নেতার এই লড়াই শরীরের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে এক অন্য বার্তা দেয়। রাজনীতি যে শুধুই ক্ষমতার লড়াই নয়, বরং মানুষের জন্য কাজ করার দায়বদ্ধতাও, সেই ছবিটাই যেন সামনে আনছেন “দাতা লালন”।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 5:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
West Bengal Assembly Elections 2026: অক্সিজেন সাপোর্ট নিয়েও মাঠে, মানুষের পাশে থাকতে হার মানেননি লালন







