North 24 Parganas News: ইট ঘুরে দৌড়ে কেউ সোজা, কেউ বাঁকা পথে! রোমাঞ্চে ঠাসা মজার খেলায় মেতে উঠল মিনাখাঁ, হাসতে হাসতে লুটোপুটি খেল দর্শক
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: এক মজার খেলার আয়োজন মিনাখাঁয়। ইট ঘুরে দৌড়। একটি খোলা মাঠ, ইট আর অংশগ্রহণকারীদের উৎসাহে জমে উঠল এদিকের খেলা। আঁকাবাঁকা পথে খুদেদের ছুটতে দেখে হাসির রোল।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ইট ঘুরে দৌড় প্রতিযোগিতায় কেউ সোজা, কেউ উল্টো পথে। দর্শকদের হাসির রোল চারিদিকে। গ্রামের মাটির গন্ধে মিশে থাকা আনন্দ আর হাসির রেশ। এমনই এক মজার খেলাকে ঘিরে সরগরম হয়ে উঠল গ্রামবাংলার মাঠ। ইটের উপর হাত রেখে ঘুরতে ঘুরতে মাথা ঘুরে যাওয়া, তারপর সেই অবস্থাতেই দৌড়ে গিয়ে গন্তব্যে পৌঁছনো, এই সহজ অথচ রোমাঞ্চকর খেলাই এখন গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে।
খেলার নিয়ম অত্যন্ত সহজ। মাটিতে রাখা একটি ইটের উপর এক হাত রেখে প্রতিযোগীকে একই জায়গায় দাঁড়িয়ে ১২ থেকে ১৫ বার ঘুরতে হয়। নির্দিষ্ট সংখ্যক পাক শেষ হতেই তাকে ছুটে যেতে হয় ফিনিস লাইনের দিকে। কিন্তু ঘোরার পর মাথা ঘুরে যাওয়ায় দৌড়টি হয়ে ওঠে একেবারেই অনিয়ন্ত্রিত। আর সেখানেই লুকিয়ে থাকে আসল মজা।
advertisement
আরও পড়ুনঃ রামনবমীতে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশি টহল, মশাও গলতে পারবে না! স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ও ড্রোনের নজরদারি
উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর চাপালী এলাকায় সম্প্রতি এই মজার খেলার আয়োজন করা হয়। কেউ সোজা দৌড়তে না পেরে হোঁচট খাচ্ছেন, কেউ আবার ভুল দিকে ছুটছেন। এসব দৃশ্য মুহূর্তেই দর্শকদের মধ্যে হাসির রোল তোলে। এই ধরনের খেলা শুধু বিনোদনই নয়, বরং সামাজিক বন্ধনও মজবুত করে। মোবাইল আর টিভির যুগে যেখানে শিশুরা ক্রমশ ঘরবন্দি হয়ে পড়ছে, সেখানে এমন খেলাধুলা তাদের মাঠমুখী করতে সাহায্য করছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের বক্তব্য, খুব সামান্য আয়োজনেই এই খেলাটি করা সম্ভব। প্রয়োজন শুধু একটি খোলা মাঠ, একটি ইট আর অংশগ্রহণকারীদের উৎসাহ। তাই কম খরচে গ্রামীণ সংস্কৃতির এই সহজ খেলা আজও টিকে রয়েছে মানুষের মনে। সব মিলিয়ে, ইট ঘুরিয়ে দৌড় মজার এই খেলাটি গ্রামবাংলার চিরচেনা আনন্দকে আবার নতুন করে ফিরিয়ে আনছে। হাসি, উল্লাস আর মিলেমিশে থাকার বার্তা নিয়ে এই খেলা আজও সমানভাবে জনপ্রিয় সকলের কাছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 26, 2026 3:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ইট ঘুরে দৌড়ে কেউ সোজা, কেউ বাঁকা পথে! রোমাঞ্চে ঠাসা মজার খেলায় মেতে উঠল মিনাখাঁ, হাসতে হাসতে লুটোপুটি খেল দর্শক










