Malda Incident: মোথাবাড়ি কাণ্ডে এবার নজরে এক সিভিক ভলেন্টিয়ার! যদুপুর মোড়ে কী করেছিলেন ওই ব্যক্তি? নতুন তথ্য হাতে তদন্তে NIA
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নতুন মোড়। এবার নজরে এক সিভিক ভলেন্টিয়ার, যিনি ১ এপ্রিল যদুপুর মোড়ে টোটো ও মাইকের ব্যবস্থা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। সূত্রের দাবি, ওই প্রস্তুতির সঙ্গেই ঘটনার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ইতিমধ্যেই তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনাপ্রবাহে তাঁর ভূমিকা কী ছিল, তা খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা।
মালদহের মোথাবাড়ি এলাকায় সাম্প্রতিক ঘটনাকে ঘিরে তদন্তে গতি আনল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। শনিবার রাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ-র আধিকারিকরা। তদন্ত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম-সহ একাধিক ব্যক্তিকে আলাদা আলাদা করে এক্সজামিন করা হয়, যাতে ঘটনাটির মূল উদ্দেশ্য ও পটভূমি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
এনআইএ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় আন্দোলনের পরিকল্পনা, অংশগ্রহণকারীদের ভূমিকা এবং ঘটনার আগে-পরে কী কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানার চেষ্টা করা হয়েছে। তদন্তকারীরা প্রতিটি অভিযুক্তের বক্তব্য মিলিয়ে দেখছেন, যাতে কোনও অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করা যায়।
advertisement
advertisement
এদিকে, গতকাল মোথাবাড়ি বিডিও অফিসেও পৌঁছয় এনআইএ-র একটি দল। সেখানে ছয়জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সুপার আগে যে তথ্যগুলি এনআইএ-র ডিআইজি-কে জানিয়েছিলেন—বিশেষ করে ঘটনার সময়কাল এবং উদ্ধারকাজের বিবরণ—সেগুলি কর্মীদের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হয় এবং তথ্যের মিল যাচাই করা হয়।
অন্যদিকে, এনআইএ-র আরও একটি দল কালীচক থানায় গিয়ে এক সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে, ১ এপ্রিল যদুপুর মোড়ে টোটো ও মাইকের ব্যবস্থা করার সঙ্গে ওই ভলেন্টিয়ারের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই সূত্র ধরেই তাঁকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
পুরো ঘটনার নেপথ্যে কোনও সুসংগঠিত পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে এনআইএ। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
Location :
Maldah,West Bengal
First Published :
Apr 05, 2026 10:08 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda Incident: মোথাবাড়ি কাণ্ডে এবার নজরে এক সিভিক ভলেন্টিয়ার! যদুপুর মোড়ে কী করেছিলেন ওই ব্যক্তি? নতুন তথ্য হাতে তদন্তে NIA










