Supreme Court Show Cause West Bengal DGP: অগ্নিসংযোগ- হামলার পরেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ কমিশনের! ডিজিপি-কে শো কজ করল সুপ্রিম কোর্ট, হলফনামার নির্দেশ
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করা এসআইআর মামলায় এ দিন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যে আধিকারিকরা কাজ করছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে শীর্ষ আদালতে উদ্বেগ প্রকাশ করল নির্বাচন কমিশন৷ কমিশনের আইনজীবী এ দিন সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় যুক্ত আধিকারিক এবং কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে৷ এমন কি এসআইআর-এর শুনানি প্রক্রিয়া চলাকালীন হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় দাবি করেছে কমিশন৷
কমিশনের এই অভিযোগের ভিত্তিতেই রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট৷ ডিজি-কে ব্যক্তিগত হলফনামা দেওয়ারও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ৷ নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, একটি হলফনামায় উল্লেখ করা হয়েছে কমিশনের তরফে বারবার বলার পরও কোনও এফআইআর করা বা ব্যবস্থা নেওয়া হয়নি অগ্নি সংযোগ এবং অন্য হামলার ঘটনায়। আমরা পশ্চিমবঙ্গের ডিজিপিকে শো কজ করছি৷
advertisement
রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বুধবার সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেন তিনি৷ এ দিন ফের সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতে৷
advertisement
এ দিন রাজ্য পুলিশের ডিজিপি-কে শো কজ করলেও আরও একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ৷ শীর্ষ আদালত জানিয়েছে, মাইক্রো অবজারভাররা এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না৷ বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও সাতদিন পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷
advertisement
শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতাও রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। সবাইকে ফর্ম ৭ পুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে৷ সংবিধান সব রাজ্যের জন্য এক সেটা একটু দেখুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা করুন।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2026 6:18 PM IST








