Odisha News: দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিচ্ছে মেয়ে, খুনের দায়ে জেলে বাবা! জামিনের আবেদনে কী নির্দেশ দিল ওড়িশা হাইকোর্ট?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শ্রীনিবাস পাত্র নামে ওই ব্যক্তি ২০১০ সালে একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন৷ ২০২১ সাল থেকে জেলে রয়েছেন তিনি৷
মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে৷ এ দিকে খুনের দায়ে জেলবন্দি বাবা৷ বাড়িতে অভিভাবক বলতে রয়েছেন বৃদ্ধ দাদু-ঠাকুমা৷ এই পরিস্থিতিতে পরীক্ষার সময় মেয়ের পাশে থাকার জন্য বাবাকে জামিন দিল আদালত৷
এমনই ঘটনা ঘটেছে ওড়িশায়৷ এই রায় দিতে গিয়ে ওড়িশা হাইকোর্ট জানিয়েছে, শিক্ষা একজন নাগরিকের মৌলিক অধিকার৷ একই সঙ্গে হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, কিছু বিশেষ ক্ষেত্রে সন্তানদের পাশে বাবা-মায়েদের থাকাটা জরুরি৷
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই ছাত্রীর বাবা খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি৷ মেয়ে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিচ্ছে বলে ওড়িশা হাইকোর্টে জামিনের আবেদন করেন ওই ব্যক্তি৷ হাইকোর্টে করা আবেদনে তিনি জানান, তাঁর মেয়ের পরীক্ষাকেন্দ্র বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে৷ বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা ছাড়া মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার মতো কেউ নেই৷ ফলে তাঁদের পক্ষে নাতনিকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং নিয়ে আসা সম্ভব নয়৷ এই পরিস্থিতিতে পরীক্ষার সময় মেয়ের পাশে থাকার জন্য হাইকোর্টে আবেদন জানান ওই ছাত্রীর বাবা৷ সেই আবেদন মঞ্জুরও করেছে ওড়িশা হাইকোর্ট৷
advertisement
advertisement
পরিস্থিতি বিচার করে হাইকোর্ট জানায়, আইন অবশ্যই কঠোর থাকবে৷ কিন্তু কিছু ক্ষেত্রে মানবিক কারণকে উপেক্ষা করা যায় না৷ সেই কারণেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে জামিন দেয় হাইকোর্ট৷
ওড়িশা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, ওই ব্যক্তির জামিন হবে সাময়িক এবং শুধুমাত্র যতদিন মেয়ের পরীক্ষা চলবে, ততদিনের জন্য জেলের বাইরে থাকতে পারবেন তিনি৷ আগামী ১০ মার্চ ওই ব্যক্তিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ওড়িশা হাইকোর্ট৷ জামিনের অন্যান্য শর্তও মানতে হবে তাঁকে৷ হাইকোর্ট আরও জানিয়েছে, ওই ব্যক্তি মূল যে মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন, সেই মামলার রায়ের উপরে এই জামিনের নির্দেশের কোনও প্রভাব পড়বে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 6:06 PM IST











