Narada Scam Update: নারদ কাণ্ডে নাটকীয় মোড়, মধ্যরাতে সুপ্রিম কোর্টে CBI! হাইকোর্টের রায়ের বিরোধিতা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
narada scam case- এ এবার নাটকীয় মোড়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে Supreme Court-এর দ্বারস্থ হল CBI।
নয়াদিল্লি: নারদ মামলায় (Narada Scam Case) মধ্যরাতের চমক। সোমবার যখন কলকাতা হাইকোর্টে (Culcutta High Court) বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি হওয়ার কথা, তখন মাঝরাতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল CBI। হঠাৎই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে CBI-এর আর্জি, বৃহত্তর বেঞ্চে শুনানি স্থগিত রাখা হোক। তাৎপর্যপূর্ণভাবে অনলাইনে মামলাটি করেছে CBI এবং সোমবারই মামলার শুনানির আর্জি জানিয়েছে তাঁরা। প্রসঙ্গত, নিম্ন আদালতে নারদ কাণ্ডে গ্রেফতার হওয়া ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) জামিন পেলেও হাইকোর্ট তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে মতের অমিল হওয়ায় হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ তৈরি করে আজ মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে মাঝরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই।
কলকাতা হাইকোর্টে সোমবার হতে চলা শুনানি স্থগিতের আর্জিও জানিয়েছে সিবিআই। ফলে আজ হাইকোর্টের শুনানি হবে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে নারদ মামলার শুনানি চলছিল। কিন্তু ফিরহাদ, মদনদের জামিনের ক্ষেত্রে রাজেশ বিন্দল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বিমত দেখা দেয়। ফিরহাদ জামিনের পক্ষে ছিলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। কিন্তু জামিনে নারাজ ছিলেন বিচারপতি বিন্দল।
advertisement
তাই হাইকোর্টে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়। সেই বেঞ্চে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিনই মামলা শোনার কথা ছিল ওই বেঞ্চের। কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই।
advertisement
অপরদিকে, নারদ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ফিরহাদ হাকিমের কন্যাও। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরে গিয়েছেন ফিরহাদ হাকিম। বাড়ি থেকেই প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি। দীর্ঘ টানাপোড়েন, বিতর্কের পর শনিবার বাড়ি ফিরেছেন প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অসুস্থ হয়ে SSKM-এ চিকিৎসাধীন রয়েছেন। ফলে সোমবার নারদ মামলায় কী হয়, সেদিকেই তাকিয়ে আছে সব শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2021 8:36 AM IST










