Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুলের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ ১০-১২ জনকে, প্রাথমিকভাবে দুর্ঘটনার ইঙ্গিত পুলিশের
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুলের মৃত্যুর ঘটনায় ১০-১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে, যেখানে শুটিং চলাকালীন জলের গভীরতা বেড়ে গিয়ে তিনি তলিয়ে যান।
কলকাতাঃ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ইতিমধ্যেই ১০ থেকে ১২ জনকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন শুটিং চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। এদের মধ্যে যেমন শুটিং ইউনিটের সদস্যরা রয়েছেন, তেমনই স্থানীয় দুই-তিনজন বাসিন্দাকেও প্রশ্ন করা হয়েছে। এছাড়াও যে হোটেলে উঠেছিলেন অভিনেতা, সেখানকার কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিনেতার আচরণে কোনও অস্বাভাবিকতার ইঙ্গিত মেলেনি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুটিং চলাকালীন আচমকাই জলের গভীরতা বেড়ে যায়। সেই পরিস্থিতিতেই দুর্ঘটনার শিকার হন অভিনেতা এবং জলে তলিয়ে যান বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ হঠাৎ আবহাওয়ার রদবদল, ২-৩ ঘণ্টায় কলকাতা-সহ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ- ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি
আউটডোর শুটিং চলাকালীন মর্মান্তিক পরিণতি। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তবে এই মৃত্যুকে ঘিরে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। ইউনিটের সদস্যদের বক্তব্য এবং পুলিশের হাতে আসা ফুটেজের মধ্যে অসামঞ্জস্য ধরা পড়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং প্রযোজনা সংস্থার গাফিলতির ফলেই এই মৃত্যু। তাঁদের দাবি, খরচ কমানোর জন্য প্রায়শই নিরাপত্তা বিধি উপেক্ষা করা হয়, যার জেরে শিল্পী ও কর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়ে।
সংগঠনটি জানিয়েছে, দেশে প্রায় প্রতি বছরই সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন দুর্ঘটনা ঘটে, যেখানে অনিরাপদ কর্মপরিবেশের কারণে টেকনিশিয়ান ও শিল্পীদের প্রাণহানি হয়। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘটনাগুলি ধামাচাপা পড়ে যায় এবং দোষীদের শাস্তি খুব কমই হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 2:12 PM IST








