Upper Primary: ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Tias Banerjee
Last Updated:
ম্যাচিং ভ্যাকেন্সি সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। আদালতের একের পর এক নির্দেশ, একাধিক দফায় কাউন্সেলিং সম্পন্ন হলেও শেষ পর্যায়ে এসে এখনও অনিশ্চয়তায় ১২৪১ জন চাকরিপ্রার্থী। শিক্ষা দফতর ও স্কুল সার্ভিস কমিশনের মধ্যে সমন্বয়ের অভাবেই নিয়োগের এই শেষ ধাপ আটকে রয়েছে বলে অভিযোগ, যা ঘিরে ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা প্রশাসন।
ম্যাচিং ভ্যাকেন্সি না পাওয়ায় উচ্চ প্রাথমিকের ১২৪১ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে রয়েছে। গত ৩০ জানুয়ারি কলকাতা হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দু’সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেও, বাস্তবে তার কোনও অগ্রগতি হয়নি। এখনও পর্যন্ত শিক্ষা দফতর স্কুল সার্ভিস কমিশন-এর কাছে নিয়োগের জন্য কোনও শূন্যপদের তালিকা পাঠায়নি। ফলে শেষ পর্যায়ের কাউন্সেলিং শুরু করতে পারছে না এসএসসি।
উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যেই আট দফায় ১২,৭২৩ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং। প্রায় দেড় বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চললেও শেষ ধাপ এখনও অধরাই। চাকরিপ্রার্থীদের প্রশ্ন, আদালতের নির্দেশের পরেও কেন বাকি ১২৪১ জনের কাউন্সেলিং শুরু করা হচ্ছে না।
advertisement
advertisement
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ১৪,০৫২ জনের মূল রায় কার্যকর করতে আদালত অবমাননা মামলার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ২০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। পাশাপাশি ৩০ জানুয়ারির শুনানিতে অ্যাডভোকেট জেনারেলকে দু’সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে বলা হয়েছে। তাঁর অভিযোগ, সামনে ভোট, অথচ এখনও কোনও পদক্ষেপ নেই। শিক্ষা দফতর অবিলম্বে কমিশনের কাছে ম্যাচিং ভ্যাকেন্সি পাঠিয়ে বিজ্ঞপ্তি জারি করুক—এই দাবিও জানান তিনি।
advertisement
চাকরিপ্রার্থীরা আরও জানাচ্ছেন, ২০২৪ সালের ২৮ অগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, মেধাতালিকায় থাকা ১৪,০৫২ জনের নিয়োগ নিশ্চিত করতে হবে। সেই রায় মেনে এসএসসি আট দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং সম্পন্ন করে। শেষ অষ্টম কাউন্সেলিং হয় ২০২৫ সালের ১ অগস্ট। তবে এখনও ১২৪১ জন প্রার্থী অনিশ্চয়তায়।
এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৪ ফেব্রুয়ারি ২০২৬। তার আগেই শিক্ষা দফতর ও কমিশনের তরফে কোনও সমাধানসূত্র বেরোয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2026 4:20 PM IST











