কিশোর নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে তার বাড়িতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই কিশোরের ‘বিলাসী’ আবদার মেটাতে নাজেহাল দশা দরিদ্র বাবা-মায়ের। মঙ্গলবার দুপুরে পাত পেড়ে খাওয়ার পরেই ঝটপট বাড়ি থেকে চম্পট দেয় সে। এরপর বাড়ির লোক বেশ খোঁজাখুঁজি করে। শেষমেশ রাত আটটা নাগাদ গুড়গুড়িপাল থানার পলাশিয়া এলাকায় তাকে হন্যে হয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই ফাঁস হয় ‘আইফোন রহস্য’।
advertisement
কিশোর সটান জানায়, বাড়িতে হাজারবার বলা সত্ত্বেও তাকে ফোন কিনে দেওয়া হচ্ছে না। তাই জেদ করে সে বাড়ি ছেড়েছে। এমনকি সে বাড়ি ফিরতেও নারাজ, যতক্ষণ না হাতে ওই আইফোন আসছে। তবে এই ‘গৃহত্যাগী’ কিশোরের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু বেশ পোক্ত। সে স্থানীয়দের কাছে কাজের আর্জি জানায়। সাফ কথা, কাজ করে টাকা জমিয়ে নিজের আইফোন নিজেই কিনবে। এমন ‘উদ্যোগী’ কিশোরকে দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। খবর যায় থানায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ এসে তাকে উদ্ধার করে। ছেলের এমন কীর্তিতে কপালে চিন্তার ভাঁজ বাবা-মায়ের। তাঁদের আক্ষেপ, “পড়াশোনায় মন নেই, সারাদিন গেমের নেশা। আমরা গরিব মানুষ, অত টাকা কোথায় পাব?” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ‘পলায়ন পর্ব’ কিশোরের জীবনে নতুন নয়। এর আগেও দু-দুবার একই দাবিতে ঘর ছেড়ে পুলিশি হস্তক্ষেপে বাড়ি ফিরেছে সে। আপাতত কাউন্সেলিং শেষে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে পুলিশের ‘পড়াশোনা করো’ বচনে ওই কিশোর আদৌ মন দেবে কি না, না কি ফের ফোনের খোঁজে পথে নামবে, তা নিয়ে সন্দিহান সকলেই।






