শনিবার রানিগঞ্জে খান্দরা ফুটবল মাঠে আসানসোল, দুর্গাপুর এলাকার বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে প্রার্থীদের জন্য তৃণমূলনেত্রী প্রচারে এসেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন জামুড়িয়ার বর্তমান বিধায়ক এবং এবারের প্রার্থী প্রেমপাল সিং৷
বক্তব্যের শেষ দিকে প্রার্থীদের পরিচয় পর্বেই জামুড়িয়ার প্রার্থীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ জামুড়িয়ার প্রার্থীর জন্য ভোট দেওয়ার আবেদন করেই মুখ্যমন্ত্রী বলেন, ‘হরেরামকে একটা অনুরোধ আমি করব৷ ছেলেকে বলবে লাল বাতি গাড়ি যেন ব্যবহার না করে৷ এখন থেকে সতর্ক করলাম৷’
advertisement
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়ে যান জামুড়িয়ার তৃণমূল প্রার্থী৷ হাসিমুখে কোনওমতে পরিস্থিতি সামাল দেন তিনি৷
প্রসঙ্গত, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং-এর ছেলে প্রেমপাল সিং-এর বিরুদ্ধে অতীতেও স্থানীয় ভাবে একাধিক অভিযোগ উঠেছে৷ এমন কি, শুক্রবারও রাম নবমীর অনুষ্ঠানে হাজির হয়ে মাইক হাতে প্রেমপালকে বলতে শোনা যায়, আমিই তো বিধায়ক৷ মন্ত্রীও আমিই বানাই৷ সূত্রের খবর, বিধায়ক পুত্রের এই উদ্ধত আচরণ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের মধ্যেও যথেষ্ট ক্ষোভ রয়েছে৷
এ দিনের সভার শেষে দলনেত্রীর সতর্কবার্তা নিয়ে প্রশ্ন করা হলে জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম বলেন, দিদি বললেন ছেলেকে একটু দেখো, দেখব৷ দিদি তো ঠিকই বলেছেন৷
