যদিও এই যুবসাথী প্রকল্প নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা৷ জলপাইগুড়ির ময়নাগুড়ি টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের মতেস এই ১৫০০ টাকা গুটখা, পান খেতেই অনেকের কাজে লাগবে৷
ময়নাগুড়ি বিধানসভায় তৃণমূলের একটি ভোট প্রস্তুতি বৈঠকে সম্প্রতি বক্তব্য রাখছিলেন বিশ্বজিৎ সেন৷ সেখানে তিনি বলেন, ‘যুবসমাজের সমর্থন পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি ছিল৷ যুবসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু দিদি যুবসমাজকেও বার্তা দিয়েছেন৷ যুবসমাজের একটা বড় অংশ এখন পান, গুটখা খায়৷ এসব খেতেই তাঁদের মাসে হাজার টাকা লেগে যায়৷ যুবসাথী প্রকল্প থেকে তাঁদের সেই খরচ উঠে যাবে৷ এটা তাদের মাথায় কাজ করবে৷’
advertisement
জলপাইগুড়ির তৃণমূল নেতার এই বেফাঁস মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ ফলে অস্বস্তি বেড়েছে শাসক দলের৷ যদিও ভিডিও ভাইরাল হতেই নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন বিশ্বজিৎবাবু৷ তাঁর দাবি, বিজেপি-র যে কর্মীদের কথা বোঝাতে গিয়েই গুটখা, পান খাওয়ার প্রসঙ্গ টেনেছিলেন তিনি৷
এই বিতর্কে টাউন ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায়। বিশ্বজিৎবাবুর বক্তব্য বিজেপি বিকৃত করে প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি।
বিরোধী শিবির অবশ্য যুবসাথী প্রকল্পের সমালোচনায় সরব হয়েছে৷ এ দিনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এর আগেও যুবশ্রী নামে একই ধরনের প্রকল্প চালু করেছিল সরকার৷ অগাস্ট মাসে প্রাক্তন হয়ে যাবেন বুঝতে পেরেই এপ্রিল মাস থেকে যুবসাথী প্রকল্প চালু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ তার আগে শিবির করা হচ্ছে৷ এটাও এক ধরনের প্রতারণা৷
সিপিএম নেতা সুজন চক্রবর্তীও অভিযোগ করেছেন, এই প্রকল্প চালু করে রাজ্য সরকার বুঝিয়ে দিল তারা বেকারদের চাকরি দিতে পারছে না৷
