এই গ্রাম পঞ্চায়েতে মোট ১৫টি বুথ রয়েছে। প্রতি বুথে অন্তত তিন থেকে চার জনের নাম বাদ গিয়েছে। তবে ২১৯, ২১৫, ২২৩ ও ২২০ নম্বর বুথে সবচেয়ে বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। স্থানীয়দের দাবি, ২১৯ নম্বর বুথে ১৯১ জন ভোটারের নাম বিচারাধীন ছিল। তার মধ্যে ১৮১ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
advertisement
২১৫ নম্বর বুথে ৮৪ জনের মধ্যে ৮০ জন ও ২২৩ নম্বর বুথে ৫৩ জনের মধ্যে ৫০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এছাড়াও ২২০ নম্বর বুথে ১৭ জন বিচারাধীনের মধ্যে ১৪ জনের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ চারটি বুথে ৩৪৫ জনের মধ্যে নাম বাদ গিয়েছে ৩২৫ জনের।
এই বিষয়ে কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্টুরাম পাখিরা বলেন, ‘রামগোপালপুর পঞ্চায়েতের বাসিন্দারা বংশপরম্পরায় সেখানে বাস করছেন। এঁরা সবাই ভারতীয় নাগরিক। তাঁদের নাম কেটে ভোটে বিজেপিকে জেতানোর জন্য নির্বাচন কমিশন এই খেলা খেলছে। আমরা কোনওভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে দেব না।’
এ নিয়ে বিজেপির প্রার্থী দীপঙ্কর জানা জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা। বিজেপির সঙ্গে কোনও যোগ নেই। বিজেপি চায়, প্রত্যেক বৈধ ভোটারের নাম যেন তালিকায় থাকে। অবৈধ ভোটারের নাম যেন বাদ দেওয়া হয়। রামগোপালপুরের বৈধ ভোটারদের অধিকার রক্ষার দাবিতে দলের পক্ষ থেকে আবেদন জানান হবে।’
