পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভোটার তালিকা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তালিকা সংশোধনের কাজ চললেও অসঙ্গতির অভিযোগে উদ্বেগ ছড়িয়েছে পটাশপুর থানার সাউতখন্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার অন্তত ১৭ জনের নাম আচমকাই ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। কারও সব নথিপত্র সঠিক থাকা সত্ত্বেও নাম নেই তালিকায়, আবার কারও ক্ষেত্রে অদ্ভুত কারণ দেখিয়ে নাম মুছে দেওয়ার অভিযোগ উঠেছে।
advertisement
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দা টুনু রায়। তাঁর দাবি, বাবার সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম—এই যুক্তি দেখিয়ে তাঁর নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। সমস্ত বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও এমন ঘটনার পর কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
মদ নিয়ন্ত্রণে রাখলেই মিটে যাবে এই বড় সমস্যা! লিভার ঠিক রাখতে কী কী করবেন? জানালেন চিকিৎসক
টুনু রায়ের মতো আরও বহু বাসিন্দা এখন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। তাঁদের অভিযোগ, কোনও আগাম নোটিশ ছাড়াই এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, একই পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও কোনও একজনের নাম হঠাৎই উধাও হয়ে গিয়েছে।
এই ঘটনার জেরে সাউতখন্ড এলাকার অন্তত ১৭টি পরিবার আতঙ্কে রয়েছে। তাঁদের আশঙ্কা, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নাগরিক পরিচয় নিয়েও প্রশ্নের মুখে পড়তে হতে পারে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
