খণ্ডঘোষ বিধানসভার সিপিআইএম প্রার্থী রামজীবন রায়ের সমর্থনে এদিন খণ্ডঘোষের বোয়াইচণ্ডী এলাকায় প্রচারে আসেন বাম নেতা শতরূপ ঘোষ। এ দিনের সভা থেকে তিনি বলেন, ”শূন্যের গেরো কাটানোর জন্য আমরা লড়াই করছি না, এমন সংখ্যক বিধায়ক নিয়ে আমাদের বিধানসভায় যেতে হবে, যাতে আগামী পাঁচ বছর যেন বামপন্থীদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি চলতে না পারে। বিধানসভায় প্রতিটি আসনে আমাদের ভোট আগের থেকে অনেক বাড়বে। কিন্তু ২৯৪ টা আসনে আমরা জিতব, এমনটা নয়। কিন্তু অনেক আসনে আমরা জিতব এবং তার মধ্যে যদি ভাল সংখ্যক বিধায়ক বিধানসভায় যেতে হয়, তাহলে খণ্ডঘোষে বিধানসভার আসনটা আমাদের জিততেই হবে।”
advertisement
তিনি আরও বলেন, ”গালগাল খেয়ে কোনদিনও ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দিতে পারে। তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। ওদের গালাগালি দেওয়ার মানে নিজেদের সময় নষ্ট করা। কাউকে গালাগাল দেওয়ার জন্য নয়, কতগুলি কাজ করার জন্য বিধানসভায় যেতে চায় বামেরা। আমরা বিধানসভায় গেলে, আমরা জিতে গেলে, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করব ও মাসিক বেতন কমপক্ষে ২২ হাজার টাকা করা হবে।”
রুজি রুটির পক্ষে সওয়াল করে তিনি বলেন, “মোদি রামমন্দির গড়ছেন। মমতা জগন্নাথ মন্দির গড়ছেন, হুমায়ুন বাবরি মসজিদ গড়ছেন। আর বেকার ছেলেমেয়েরা ঘরে বসে এগুলো দেখবেন, তারপর ওই মন্দির-মসজিদে বাটি হাতে ভিক্ষা করবেন।”





