শুক্রবার বাদুড়িয়ার নারকেলবেরিয়ার বাসিন্দা আলতাব মন্ডল (৪৮) বাজারে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। এই টালি কারখানার মোড়ে একটি ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এরপর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ রং খেলাকে কেন্দ্র করে বচসার জের! রাতের অন্ধকারে মধ্যমগ্রামে চলল গুলি, তীব্র উত্তেজনা এলাকায়
advertisement
গ্রামের মানুষ একত্রিত হয়ে দুর্ঘটনাস্থল টালি কারখানার মোড়ে দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মূলত তাঁদের দাবি, এই এলাকায় বাম্পার করতে হবে এবং সিসি ক্যামেরা লাগাতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত এক বছরের মধ্যে এই একই জায়গায় ৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিবারই এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশের কাছে বাম্পারের দাবি করে। প্রতিবারই আশ্বাস দেওয়া হয়। কিন্তু কোনও বাম্পার তৈরি হয় না।
এই অবস্থায় এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে বাম্পার এবং সিসি ক্যামেরার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ ও পঞ্চায়েত প্রধান উপস্থিত হলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘ সময় ধরে অবরোধ চলার পর অবশেষে প্রধানের তরফ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধ ওঠে।
