এই পরিস্থিতিতেও অবশ্য প্রার্থী হয়ে প্রচারে যাওয়ার সময়ই পাচ্ছেন না কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ৷ কারণ প্রচার করে ভোট চাওয়ার বদলে নিজের বিধানসভা এলাকায় ঘুরে সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন পেশায় আইনজীবী এই প্রার্থী৷ সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ গেলে কীভাবে ফের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হবে, রীতিমতো শিবির করে তা বোঝাচ্ছেন কংগ্রেস প্রার্থী৷
advertisement
অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা যখন ভোট প্রচারে ব্যস্ত সেই সময় ভোট প্রচার ছেড়ে নাম বাদ যাওয়া ভোটারদের জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম সেখ।
কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় বিচারাধীন ভোটার ছিলেন ১২৮০০ জন। সাপ্লিমেন্টারি তালিকায় এখনও পর্যন্ত প্রকাশিত ৯৫০০ জনের মধ্যে ৮০০০ নামই বাদ গিয়েছে। ফলে ভোটাধিকার হারিয়েছেন বিপুল সংখ্যক ভোটার। ফলে অথৈ জলে পড়েছেন বিপুল সংখ্যক ভোটার৷ এই ভোটারদেরই পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুল রহিম শেখ৷
রীতিমতো বুথে বুথে ঘুরে কীভাবে নাম তোলার জন্য আবেদন করা যায়, নাম বাদ যাওয়া ভোটারদের তা বোঝাচ্ছেন কংগ্রেস প্রার্থী৷ রীতিমতো চেয়ার টেবিল পেতে, প্রয়োজনীয় নথি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে শিবির করছেন তিনি৷
কংগ্রেস প্রার্থীর দাবি, রাজনৈতিক রং না দেখেই মানুষকে সাহায্য করছেন তিনি৷ যদিও একে ভোট প্রচারের অঙ্গ বলতে নারাজ কংগ্রেস প্রার্থী৷ তাঁর কথায়, আগে ভোটার পরে ভোট৷ তাই ভোট প্রচার বাদ দিয়ে ভোটারদের সাহায্য করাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি৷
