North 24 Parganas News: প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পর সীমান্ত শহর বনগাঁ থেকে উদ্ধার বিহারের বৃদ্ধ। সৌজন্যে হ্যাম রেডিও ও বনগাঁ থানা। প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে পরিবারের কাছে ফিরলেন ভিন রাজ্যের ওই বৃদ্ধ।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পর সীমান্ত শহর বনগাঁ থেকে অবশেষে পরিবারের কাছে ফিরলেন বিহারের বৃদ্ধ। সৌজন্যে হ্যাম রেডিও ও বনগাঁ থানা। জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়া জেলার কসবা থানার বাসিন্দা ৭০ বছরের মোহাম্মদ মোস্তফা গত ২-৩ তারিখ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে একটি মেলায় গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি।
বিহারের নিখোঁজ বৃদ্ধ উদ্ধার বনগাঁ থেকে
advertisement
এদিকে বনগাঁর ঢাকা পাড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় ওই বৃদ্ধকে। স্থানীয় কয়েকজন তাঁকে চোর সন্দেহে আটক করে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছে থাকা পরিচয়পত্র থেকে জানতে পারে, তিনি ভিন রাজ্যের বাসিন্দা। এরপর বিষয়টি জানানো হয় হ্যাম রেডিও কর্তৃপক্ষকে।
হ্যাম রেডিওর সহায়তায় যোগাযোগ করা হয় বিহারের পূর্ণিয়া জেলার কসবা থানায় এবং তারপরই পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়ার পর বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছিল। এদিন তাঁর ভাইয়ের মেয়ে ও জামাই বনগাঁ থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে মোহাম্মদ মোস্তফাকে বাড়ি নিয়ে যান।
দীর্ঘদিন পর পরিবারের সদস্যকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের লোকজন। তাঁরা বনগাঁ থানা ও হ্যাম রেডিওর এমন ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে থেকে ঘরে ফিরলেন ভিন রাজ্যের ওই বৃদ্ধ।