সোমবার সমুদ্রগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির নেতারা দিল্লিতে বসে এআই ব্যবহার করে একপাক্ষিক ভাবে সবার নাম কেটেছে, এর বদলা হবে কি হবে না? মোদি সরকার যখন সবার থেকে সব কেড়ে নিয়েছিল, তখন আমি ভেবেছিলাম মহিলাদের অধিকার থাকা দরকার। ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। একশো দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। আমরা আপনাদের টাকা দিয়েছি। অভিষেক-সহ আমাদের সাংসদ-বিধায়করা দিল্লিতে গিয়েছিল টাকার দাবিতে, তখন তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরাই আপনাদের পাশে ছিলাম। আর এরা এখানে এসে এখন সেন্ট্রাল ফোর্স আর ৫০টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তৃণমূলের নেতাদের সিকিউরিটি তুলে নিচ্ছে।’’
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এই বিজেপি নেতারা ৫০ জন সিআরপিএফ, গাদা গাদা গাড়ি নিয়ে ঘুরছেন। এত পয়সা পাচ্ছেন কোথায়? টেলিপ্রম্পটার দেখে বলছেন ‘সুনার বাংলা’, আর বাংলায় কথা বললে ভিন্রাজ্যে মারধর করা হচ্ছে ৷ গণতন্ত্রের মাধ্যমে বদলা নিন, বাংলা থেকে রাজনৈতিক ভাবে জব্দ করে বিজেপিকে তাড়িয়ে দিন। তোতাপাখি কমিশন রটিয়ে দেবে তৃণমূল হারছে, বিজেপি জিতছে, বিশ্বাস করবেন না, শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকবেন ৷ ওরা বাইরের ফোর্স আনছে… ওরা যদি গট গট করে যায়, আপনারা কট মট করে তাকাবেন ৷’’
